১৯ মে, ২০২৪
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরের একটি হেলিকপ্টার রবিবার খারাপ আবহাওয়ার মধ্যে ‘দুর্ঘটনায়’ পড়েছে। ওই হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও স্থানীয় কয়েকজন কর্মকর্তাও ছিলেন। তাদের কারও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ রবিবার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান এলাকায় হেলিকপ্টারটি অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোনকলে। হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোনকল করেছিলেন। তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়।
ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির বহরে তিনটি হেলিকপ্টার ছিল। যার দুটি অক্ষত ফেরত এসেছে।
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আমির ভাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। কথা চলার মধ্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাচ্ছেন। তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।
তবে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি কোন ধরনের ছিল, তা এখনো জানা যায়নি। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে। দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের সময়েরও আগের। সূত্র: আল-জাজিরা, বিবিসি, এএফপি