ইউরোর জন্য আগেভাগে প্রস্তুতি শুরু করল জার্মানি

২৮ মে, ২০২৪

মধ্যাঞ্চলীয় শহর জেনাতে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের ট্রেনিং ক্যাম্প শুরু করেছে স্বাগতিক জার্মানি। প্রাক-ইউরো ট্রেনিং ক্যাম্পের জন্য সাবেক পূর্বাঞ্চলের অংশ থুরিনগিয়াকে বেছে নিয়েছে তারা।

এই একই ভেন্যুতে টুর্নামেন্ট চলাকালীন ইংল্যান্ড তাদের বেজ ক্যাম্প করবে। ইউরো শুরু হলে জার্মানি দক্ষিণে হারজোগেনারাচে চলে যাবে। যেখানে বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠান এডিডাসের সদর দপ্তর।

জার্মানির কোচ জুলিয়ান নাগলসম্যান বলেছেন, ‘পুরো দেশ আমাদের সঙ্গে আছে। এটা দলের সবাইকে দারুণভাবে অনুপ্রাণিত করছে। সবাই আমাদের সমর্থন দিচ্ছে।’

শেষ দুটি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে হতাশাজনক বিদায়ের পর চার বছর আগে সর্বশেষ ইউরোতে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে শেষ ১৬ থেকে বিদায় নেয় জার্মানি। যদিও মার্চে ফ্রান্স ও নেদারল্যান্ডসকে প্রীতি ম্যাচে হারিয়ে কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নাগলসম্যানের শিষ্যরা।

জার্মানির স্পোর্টিং ডিরেক্টর রুডি ফোলার বলেছেন টুর্নামেন্টে মাঠে নামতে স্বাগতিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, ‘আবারো নিজেদের ঐতিহ্য প্রমাণের এটি একটি দারুণ সুযোগ। এই আসরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

ট্রেনিং সেশনের টিকেট মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। ফোলার বলেন, ‘আমরা এর থেকে আরো বড় স্টেডিয়ামে অনুশীলন করতে চাই। কারন এখানে টিকেটের চাহিদা অবিশ্বাস্য।’

মিউনিখে স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্ট শুরু করতে তিন সপ্তাহ বাকি আছে। ক্লাবের দায়িত্বের কারণে জার্মানির এই ট্রেনিং সেশনে বেশ কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত রয়েছেন। ২৭ সদস্যের মধ্যে মাত্র ১৯ জন নিয়ে এই অনুশীলন শুরু হয়েছে।