‘বার্সার দরজা বন্ধ’, গার্দিওলার স্বীকারোক্তি

১০ জুন, ২০২৪

লিওনেল মেসি-জাভি হার্নান্দেজ-আন্দ্রেস ইনিয়েস্তাদের নিয়ে বার্সেলোনায় দুর্দান্ত সময় পার করেছেন পেপ গার্দিওলা। রিয়াল-বার্সার অসাধারণ লড়াই দেখা গেছে তার সময়ে। কাতালানদের হয়ে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত চার মৌসুমে তিনটি লিগ শিরোপা জিতেছেন তিনি। দুটি চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তুলেছেন। 

এরপর বায়ার্ন মিউনিখ ঘুরে ম্যানচেস্টার সিটিতে আছেন গার্দিওলা। সিটিতেও অসাধারণ সময় কাটছে পেপ ও তার দলের। গত মৌসুমে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতেছেন। সদ্য শেষ হওয়া মৌসুমে লিগ জিতেছেন। প্রিমিয়ার লিগ ইতিহাসে টানা চারটি লিগ জয়ের কীর্তি গড়েছেন। 

তবে সিটিজেনদের ডাগ আউটে তার অসাধারণ ওই যাত্রায় সমাপ্তি চিহ্ন পড়তে যাচ্ছে। মৌসুম শেষে ম্যানসিটির সঙ্গে তার চুক্তি শেষ। ২০২৫ সালের জুনে ম্যানচেস্টার ছাড়বেন তিনি। এরপর কোথায়? আবার বায়ার্ন মিউনিখে  নাকি বার্সায়? নাকি নতুন কোন চ্যালেঞ্জ নেবেন?

এমন প্রশ্নে বার্সেলোনায় ফেরার দরজা বন্ধ বলে জানিয়েছেন কিংবদন্তি এই কোচ। নিজেই জানিয়েছেন, তার বার্সার ফেরার পথ বন্ধ। তাকে প্রশ্ন করা হয়, আপনার বার্সায় ফেরার ইচ্ছে আছে কিনা। উত্তরে তিনি, ‘না’ বলেন। পাল্টা প্রশ্ন আসে, ‘দরজা কি বন্ধ?’ পেপ উত্তর দেন, ‘হ্যা, দরজা বন্ধ।’ 

গার্দিওলা ফুটবল ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে খেলেছেন। ইয়োহান ক্রুইফের শিষ্য ছিলেন তিনি। কোচিং ক্যারিয়ারে ক্রুইফের কৌশল অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। খেলোয়াড় কিংবা কোচ হিসেবে বার্সা ছাড়ার সময় কোন তিক্ততাও ছিল না। তারপরও গার্দিওলার জন্য বার্সার দরজা কেন বন্ধ তা জানা যায়নি। তবে কোচিংয়ের হট কেক পেপ-এর উচ্চ বেতন একটা কারণ হতে পারে।