২৫ জুন, ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাট হাতে শুরুতে ভালো শুরুও পেয়েছিলেন দুই আফগান ওপেনার। তবে এরপর বেশ আঁটসাঁট বোলিংই করেছেন টাইগার বোলাররা। ফলে লাল-সবুজের দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
এদিকে গতকাল সুপার এইটে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। টানা দুই হারে সেমিতে ওঠা নিয়ে শঙ্কায় আছে অজিরা। এমন অবস্থায় বাংলাদেশের সামনেও সুযোগ আছে শেষ চারে যাওয়ার। সেক্ষেত্রে আফগানদের দেয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে পেরিয়ে যেতে হবে টাইগার ব্যাটারদের। তবে স্কোর লেভেল করার পর চার মারলে ১২.৩ ওভারের মধ্যে জিতলেও সেমিতে যাবে বাংলাদেশ। আর স্কোর লেভেল করার পর ছক্কা মারলে ১২.৫ ওভারের মধ্যে জিতলেই শেষ চার নিশ্চিত টাইগারদের।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে আজ উদ্বোধনী জুটিতেই স্কোরবোর্ডে ৫৯ রান তোলেন দুই আফগান ওপেনার। টাইগার বোলারদের সামলে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান উইকেটে থিতু হয়েছিলেন। তবে রিশাদের বলে ক্যাচ তুলে দিয়ে ২৯ বলে ১৮ রান করে বিদায় নেন ইব্রাহিম। এরপর দলীয় ৮৪ রানে ১২ বলে ১০ রান করে আউট হন আজমত উল্লাহ ওমরজাই।
ওমরজাই ফেরার পরের ওভারেই আউট হন গ্রুবাজও। তবে সাজঘরে ফেরার আগে ৫৫ বল খেলে তিনি করেছেন ৪৩ রান। এরপর আর আফগানদের কেউই বলার মত স্কোর করতে না পারলেও শেষ দিকে রশিদ খান খেলেছেন ৩ ছয়ে ১০ বলে ১৯ রানের ঝড় এক ইনিংস। ফলে শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।