২০ দিনের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

০৩ জুলাই, ২০২৪

বিশ দিনের ছুটি শেষে আজ বুধবার (৩ জুলাই) খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।

গত ১৩ জুন শুরু হয় চলতি বছরের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি। শিক্ষাপঞ্জি হিসেবে গতকাল ২ জুলাই পর্যন্ত বন্ধ থাকে প্রাথমিক বিদ্যালয়। আজ ৩ জুলাই থেকে যথারীতি শুরু ক্লাস শুরু হবে। 

শিখন ঘাটতি পোষাতে মাধ্যমিকে ঘোষিত ছুটি এক সপ্তাহ কমিয়ে গত ২৬ জুন থেকে খুলে দেওয়া হয়েছে স্কুল কলেজ। তবে প্রাথমিকে পূর্বঘোষিত ছুটি বহাল রাখা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, ঈদ ও গ্রীষ্মকালীন ২০ দিনের ছুটি শেষে বুধবার প্রাথমিক বিদ্যালয় খুলছে। বন্যা ও অতি বৃষ্টির কারণে স্কুলের ছুটি বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানোর কথা জানানো হয়।

বলা হয়, মন্ত্রণালয়ের অধীন নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী ছুটি কমিয়ে ২৬ জুন থেকে খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।