মেসিকে ছাড়াই আবারও মায়ামির জয়

০৪ জুলাই, ২০২৪

লিওনেল মেসি নেই। জাতীয় দলের হয়ে কোপা আমেরিকায় খেলায় ব্যস্ত তিনি। ফলে মেজর সকার লিগে মেসিকে ছাড়াই খেলতে হচ্ছে ইন্টার মায়ামিকে। মেসি না থাকলেও জয়ের অভ্যাস থেকে দূরে সরে যায়নি মায়ামি। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত শার্লট এফসিকে ২-১ গোলে হারিয়েছে মায়ামি।

সৌভাগ্য বলতে হয় ইন্টার মায়ামির। নিশ্চিত পয়েন্ট হারানোর পথে ছিল দলটি। ১-১ গোলে খেলা শেষ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল খেলার। কিন্তু ৮৬ মিনিটে বেঞ্জামিন ক্রেমাসচির গোলে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মায়ামি। জুলিয়ান গ্রেসেলের কাছ থেকে বল পেয়ে গোলটি করেন তিনি।

গত মার্চের পর শার্লট এই নিয়ে দ্বিতীয়বার টানা দুই ম্যাচে হারলো।

মায়ামি তাদের প্রথম গোল পায় ৩০ মিনিটের সময়। সতীর্থ খেলোয়াড়দের সঙ্গে বল দেওয়া নেওয়া করে দলকে এগিয়ে নেন রবার্ট টেলর। বিরতির আগে শার্লট ম্যাচে ফিরে আসে। প্যাটট্রিক আগেয়ামাং দারুণ এক গোলে সমতা ফিরিয়ে আনেন। ৮৬ মিনিটে  ক্রেমাসচির গোলে জয় নিশ্চিত হয় মায়ামির।

আগামী ১৩ জুলাই মায়ামি পরবর্তী ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ এফসি সিনসিনাত্তি।