পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে

২১ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে যথাক্রমে ১১০৭ ও ২১০৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৭৮৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৪১ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৭৪৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ৩৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টি কোম্পানির, কমেছে ২৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৮২২ পয়েন্টে অবস্থান করছে। সোমবার সিএসইতে হাত বদল হওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৭টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ার দর।

এদিন সিএসইতে ২১ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ১০ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।