২১ সেপ্টেম্বর, ২০২৬
হরমুজ প্রণালির আকাশে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়।
আইআরজিসি জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় নতুন উন্নত একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।
আইআরজিসি দাবি করেছে, এমকিউ-৯ ড্রোনের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র কয়েক বছর আগে অবসর নেওয়া এমকিউ-১ ড্রোন আবার ব্যবহার শুরু করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘বিস্ট অব কান্দাহার’ নামে পরিচিত এমকিউ-১ ড্রোনটি আফগানিস্তানে প্রায় ২০ হাজার ঘণ্টা উড়েছে।
কয়েক বছর আগে মার্কিন নৌ ও বিমানবাহিনীর বহর থেকে ড্রোনটি সরিয়ে নেওয়া হয় এবং এর পরিবর্তে এমকিউ-৯ ড্রোন ব্যবহার শুরু করা হয়।
আইআরজিসির দাবি, বিপুলসংখ্যক এমকিউ-৯ ড্রোন ধ্বংস হওয়ার পর যুক্তরাষ্ট্র আবার এমকিউ-১ ব্যবহার করতে বাধ্য হয়েছে।
তাদের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উভয় ধরনের ড্রোনকেই ব্যাপকভাবে প্রতিহত করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।