২১ সেপ্টেম্বর, ২০২৬
দীর্ঘ ১৬ বছর চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রধান কোচের দায়িত্ব পালন করেন স্টিফেন ফ্লেমিং। ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজিটিতে খেলোয়াড় হিসেবে যোগ দেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার।
ইংল্যান্ড টেস্ট দলের কোচ হতেই গত জুলাইয়ে সিএসকের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
ফ্লেমিংয়ের সেই পদেই এবার স্থলাভিষিক্ত হলেন জহির খান। ২০২৭ আইপিএলের জন্য ভারতের সাবেক পেসারকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা।
প্রথমবারের মতো প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জহির।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে ছিলেন তিনি। প্রথমে ক্রিকেট অপারেশন্সের পরিচালক এবং পরে মালিকপক্ষের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি দল কেনার পর গ্লোবাল হেড অব ডেভেলপমেন্টের দায়িত্ব পালন করেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতের বাঁহাতি পেসার।
২০১৯ ও ২০২০ সালে মুম্বাইয়ের টানা দুই শিরোপা জয়ের সময় প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে কাজ করেন জহির। সর্বশেষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তিনি।
আইপিএলে তিন দলের হয়ে খেলেছেন জহির। সেই তিন দল হচ্ছে—রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস। সবমিলিয়ে ১০০ আইপিএল ম্যাচে তার উইকেট ১০২টি। ২০১০ ও ২০১১ সালে দুইবার ফাইনাল খেললেও প্রতিবারই সিএসকের কাছেই হার দেখেছেন তিনি। এবার সেই দলকেই চ্যাম্পিয়ন করার দায়িত্ব তার কাঁধে।
সিএসকের দায়িত্ব পেয়ে সম্মানিতবোধ করছেন জহির। ৪৭ বছর বয়সী সাবেক বাঁহাতি পেসার বলেছেন, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দলের অংশ হতে পারাটা সম্মানের। ক্রিকেটার হিসেবে মাঠে সিএসকের বিপক্ষে খেলেছি এবং সেই লড়াইগুলো উপভোগ করেছি।’