ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৭

২১ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাঠে আন্তঃবিভাগ ফুটবল ম্যাচের শেষ দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটবল ম্যাচের শেষ মুহূর্তে বল থ্রো-ইনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে মারামারিতে উভয়পক্ষের অন্তত সাত শিক্ষার্থী আহত হন।

পরে আহতদের তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত আরও দুই শিক্ষার্থী বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নিয়েছে। তবে ঘটনার পর আন্তঃবিভাগ ফুটবল ম্যাচটি স্থগিত রাখা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন,পরবর্তী সিদ্ধান্ত রেফারি নিয়ম অনুযায়ী নেওয়া হবে।

এদিকে সংঘর্ষের ঘটনার পর ক্যাম্পাসে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছে।