২১ সেপ্টেম্বর, ২০২৬
মুঠোফোন না পেয়ে মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে থানায় হাজির হয় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী। পরে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) পরামর্শ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির তাৎক্ষণিক সমাধান করা হয়।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আল আমিন হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের মহনপুর গ্রামের সফিক মিয়ার ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রবিবার রাত ১০টার দিকে মা-বাবার বিরুদ্ধে মারধরের অভিযোগ নিয়ে হাজীগঞ্জ থানায় হাজির হয় আল আমিন।
বিষয়টি জানার পর কিশোরটির সঙ্গে কথা বলতে উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। পরে রাতেই তার মা-বাবাকে থানায় ডেকে আনা হয়।
এসআই জহির হোসেন জানান, কিশোরটির সঙ্গে কথা বলে জানা যায়, মা-বাবা তাকে মুঠোফোন ব্যবহার করতে না দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে মারধরের অভিযোগ করেছে। তবে প্রকৃতপক্ষে তাকে কোনো মারধর করা হয়নি।
তিনি আরো জানান, কিশোরটির মনের কষ্ট দূর করতে কিছুক্ষণ কাউন্সেলিং করা হয়। পরে তাকে বুঝিয়ে হাসিমুখে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।