২১ সেপ্টেম্বর, ২০২৬
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোসান শহরে একটি টেক্সটাইল কারখানায় আগুনে আট জন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রবিবার স্থানীয় সময় বিকাল ৩টা ১২ মিনিটে একটি শিল্পপার্কের দুই তলা ভবনে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভবনটিতে ডেনিম কাপড় ধোয়াসহ বিভিন্ন উৎপাদন কার্যক্রম চলত। আগুনটি অন্য এলাকায় ছড়িয়ে পড়েনি বলে প্রতিবেদনে জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে ভবনটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। পাশের কিছুটা উঁচু একটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি।
উদ্ধার ও অনুসন্ধান অভিযান শেষ হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়েছে।