২১ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে জুয়েলারি ব্যবসায়ী ও তার ফুপাতো ভাইকে গুলি করে ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত দুজন হলেন অন্তর সরকার (২৫) ও তার ফুপাতো ভাই রাজিব সরকার (২০)। তাদের দুজনেরই পায়ে গুলি লেগেছে।
আহত অন্তর সরকার জানান, হযরতপুর বাজারে তাদের একটি জুয়েলারির দোকান রয়েছে।
সন্ধ্যায় দোকান বন্ধ করে তিনি, তার বাবা মিতাই সরকার ও রাজিব সরকার স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে একটি পাবলিক অটোরিকশায় করে বাসার উদ্দেশে রওনা হন। রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে হযরতপুর এলাকায় তিনটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা কয়েকজন তাদের অটোরিকশার গতিরোধ করেন।
অন্তর সরকারের ভাষ্য, দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে গুলি করে। পরে স্বর্ণালংকার রাখা একটি টিফিনবাক্স নিয়ে যায়।
ওই বাক্সে প্রায় ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ ছিল। পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা পাঁচ থেকে ছয়টি বোমার বিস্ফোরণ ঘটায়। আহতদের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটিপাড়া এলাকায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, গুলিবিদ্ধ অন্তর সরকার ও রাজিব সরকারকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।