সঠিক তথ্য পেলে সিদ্ধান্ত বাস্তবায়ন সহজ হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

২১ সেপ্টেম্বর, ২০২৬

 

পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে সঠিক তথ্য-উপাত্ত দিলে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া ও তা বাস্তবায়ন সহজ হবে। যশোরের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিতাক্ষর’-এ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, ডেঙ্গু মোকাবিলা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে আলোচনা হয়। উপজেলা পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়েও মতামত নেওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সব ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কাজ করছে এবং প্রশাসনেও পরিবর্তনের মানসিকতা তৈরি হয়েছে। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে যশোরের আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের জীবন-জীবিকায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর যশোরসহ তার দায়িত্বাধীন জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে কাজ করছেন।

সভায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান উপস্থিত ছিলেন। আট উপজেলার নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন।