সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে কাজ করছে : প্রতিমন্ত্রী

২১ সেপ্টেম্বর, ২০২৬

বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

সোমবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ ‘অমিতাক্ষর’-এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রতিমন্ত্রী বলেন, কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য সঠিক তথ্যের কোনো বিকল্প নেই। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতার সঙ্গে সঠিক তথ্য-উপাত্ত দিলে প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন সহজ হবে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে কাজ করছে। প্রশাসনের মধ্যেও পরিবর্তনের মানসিকতা তৈরি হয়েছে। সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর যশোরসহ তার দায়িত্বপ্রাপ্ত জেলাগুলোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে তিনি কথা বলেছেন। বিভিন্ন জেলার সমস্যা সম্পর্কে তথ্য নেওয়া হয়েছে। এসব সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।