২৫ সেপ্টেম্বর, ২০২৬
রংপুরের বদরগঞ্জে নিখোঁজের একদিন পর চিকলী নদী থেকে গোলাপী বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার চিকলী নদীর মণ্ডলাপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত গোলাপী বেগম উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর সর্দারপাড়া গ্রামের মকবুল হোসেনের স্ত্রী। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া চিকলী নদীতে গোসল করতে যান গোলাপী বেগম। এরপর আর তিনি ঘরে ফেরেননি। স্বজনেরা নদীর আশপাশের সম্ভাব্য স্থানগুলোতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সকালে মণ্ডলাপাড়া এলাকার কাছে নদীতে তার মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে নদী থেকে মরদেহ উদ্ধার করে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।