২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলার ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ২টার দিকে বিষখালী নদীর মোহনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন। এ সময় সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার ও কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৫০৭ পিস ভারতীয় শাড়ি ও ১ হাজার ৪৬৬ পিস পাঞ্জাবি জব্দ করা হয়। কোস্টগার্ডের দাবি, জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা।
অভিযানে চোরাচালানে ব্যবহৃত ট্রলার ও কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনা হয়েছিল। জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, বৃহস্পতিবার বিকেলে পাঁচজনকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে মামলা করেছে। জব্দ করা মালামাল কোস্টগার্ডের হেফাজতে রয়েছে। শুক্রবার আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।