২২ সেপ্টেম্বর, ২০২৬
গাইবান্ধায় মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ৪৭ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। একই সঙ্গে এসএসসি ২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
‘মেধা যেখানে, সম্ভাবনা সেখানে’ স্লোগান সামনে রেখে সোমবার সকাল ১০টায় গাইবান্ধা সরকারি কলেজের দর্শন বিভাগে তৃতীয়বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন, সু-প্যালেস, ফ্যাশন প্যালেস ও বই ঘর পাঠাগার যৌথভাবে ‘এসএসসি শিক্ষাবৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন ও সেশন পরিচালনা করেন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উপদেষ্টা এবিএম জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশন ও বই ঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মেহেদী হাসান। তিনি শিক্ষাবৃত্তি কার্যক্রমের উদ্দেশ্য, আবেদন, যাচাই-বাছাই ও শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া তুলে ধরেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা নিজেদের অনুভূতি, পড়াশোনা, পারিবারিক আর্থিক বাস্তবতা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা তুলে ধরেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখা, দক্ষতা বিকাশ ও ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, কলেজের সাবেক অধ্যক্ষ ও ফাউন্ডেশনের উপদেষ্টা প্রফেসর খলিলুর রহমান, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আনিছা আখতার বেগম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদুর রহমান, ফাউন্ডেশনের উপদেষ্টা আফরোজা বেগম লুপু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং সু-প্যালেস ও ফ্যাশন প্যালেসের স্বত্বাধিকারী আবুল হোসেন মৃধা সোহাগসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার আতহার মিহদা তুবা।
বৃত্তিপ্রাপ্ত ৪৭ শিক্ষার্থীর প্রত্যেককে নগদ শিক্ষাবৃত্তির পাশাপাশি সম্মাননা ক্রেস্ট, পেন হোল্ডার, নোটপ্যাড, বই, সনদপত্র ও ডিসকাউন্ট কার্ড দেওয়া হয়। একই সঙ্গে আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইয়ান জানিক সরকারকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এসএসসি ২০২৬ পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে তিনি দিনাজপুর শিক্ষা বোর্ডে তৃতীয় এবং গাইবান্ধা জেলায় প্রথম হয়েছেন।