২২ সেপ্টেম্বর, ২০২৬
জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশের মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
রবিবার সামাজিক গণমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, কষ্টার্জিত গণতন্ত্রের বিজয়গাঁথায় বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্ক গেছেন। তার এই ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে উপস্থিত রাষ্ট্র ও সরকার-প্রধানরা আলোড়িত হবেন। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।
তিনি আরও লিখেছেন, বিগত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা যেভাবে জেএফকে বিমানবন্দর থেকে ফার্স্ট অ্যাভিনিউয়ের ৪৬ স্ট্রিট পর্যন্ত গগনবিদারী স্লোগানে মুখরিত করে রেখেছিলেন, এবার তারা তাদের প্রিয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না। ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে ‘সবার আগে বাংলাদেশ’।