২২ সেপ্টেম্বর, ২০২৬
বগুড়ার ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর
এর আগে গতকাল রাতে ধুনট শহরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের রঞ্জু মন্ডলের ছেলে ও উপজেলা ছাত্রলীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক শিপন (২৬) এবং ইউসুফ হারুন সুলতানের ছেলে ও পৌর আওয়ামী লীগের সক্রিয় সদস্য আব্দুল্লাহ আল হারুন বাবু (৩৬)।
জানা যায়, গত বছরের ৩০ নভেম্বর রাতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতি গ্রামের তিনমাথা পাকা রাস্তায় মশাল মিছিল নিয়ে স্লোগান দিতে থাকে। ওই সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় ১০ ডিসেম্বর রাতে গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা করেন। মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে শিপন ও আব্দুল্লাহ আল হারুন বাবুকে পুলিশ গ্রেফতার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় দুইজনকে গ্রেফতারকরা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।