আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে টেক্সটাইল কারখানাকে জরিমানা

২২ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের কাঠালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন। এ সময় আড়াইহাজার থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া এ বিষয়ে প্রসিকিউশন করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন বলেন, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।