ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ মামলার আসামি গ্রেফতার

২২ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বাবুল মিয়া ওরফে ‘বাবুল ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার বাবুল মিয়া ওরফে বাবুল ডাকাত বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি, অপহরণ ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবুল ডাকাতকে গ্রেপ্তার করে। বাবুল ডাকাতের বিরুদ্ধে আদালতে বিচারাধীন ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে ৮টি ডাকাতি, একটি হত্যা, ৪টি চুরি, একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন এবং মারামারির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। পাশাপাশি দুটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বাবুল মিয়া দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অপরাধে ১৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।