২৫ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানা সূত্রে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজনকে চুরি ও ছিনতাই, একজনকে মাদকের কারবার, চারজনকে মাদক সেবন এবং ১৪ জনকে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ।
চুরি ও ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা হলেন— কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ঘোনার পাড়ার রবিউল হাসান ওরফে হাসান মনি (২৩), ৮ নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার মো. রবিউল হাসান জুয়েল (২৪) এবং রামুর চাকমারকুল ইউনিয়নের উত্তর চাকমারকুলের জিয়া উদ্দিন বাবু (২৮)।
মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে খুরুশকুল ইউনিয়নের ফকির পাড়ার মো. রিফাত উদ্দিন মানিককে (২৫) গ্রেফতার করা হয়েছে।
এ ছাড়া মাদক সেবনের অভিযোগে পেকুয়ার বারবাকিয়ার এমরান হোসেন (৩০), খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের মো. জিদান (২১), খুরুশকুলের আদর্শগ্রামের মো. সাঈদ উদ্দিন রিফাত (১৯) ও একই আশ্রয়ণ প্রকল্পের মো. ইসমাইলকে (২০) গ্রেফতার করা হয়।
অন্যদিকে পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পূর্ব মোহাজের পাড়ার রোহিত (২০) ও সাকিবসহ আরও কয়েকজন।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।