ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

২২ সেপ্টেম্বর, ২০২৬

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বিশেষ করে মৎস্য ও মৎস্য চাষ, প্রাণিসম্পদ, সামুদ্রিক মৎস্য এবং ব্লু ইকোনমির (নীল অর্থনীতি) বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের সাইডলাইনে এ সংক্রান্ত এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ইতালির কৃষি, খাদ্য সার্বভৌমত্ব ও বন মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট (প্রতিমন্ত্রী) লুইজি দে’এরামো নিজ নিজ দেশের পক্ষে অংশ নিয়ে সংশ্লিষ্ট খাতের পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পুষ্টি, কর্মসংস্থান ও মানুষের জীবিকার ক্ষেত্রে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারিদের ‘কৃষক কার্ডের’ আওতায় আনা হবে এবং কৃষকদের মতো তারাও সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ একটি টেকসই, জলবায়ু-সহনশীল ও প্রযুক্তিনির্ভর মৎস্য ও মৎস্য চাষ ব্যবস্থার উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে উন্নত প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইতালির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার সুযোগ রয়েছে।

বৈঠকে মৎস্য, ব্লু ইকোনমি ও প্রাণিসম্পদ খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

দ্বিপক্ষীয় এ বৈঠকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সাইফুল ইসলাম এবং ইকনমিক কাউন্সিলর মো. আল আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।