☰
✕

উত্তর কোরিয়ার ড্রোন বহরও চমকে দেবে?

২৫ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬ সালের যুদ্ধক্ষেত্রগুলো একটা বিষয় স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধকৌশলে ড্রোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।পূর্ব ইউরোপে মস্কো এবং কিয়েভ উভয় পক্ষই সীমানার মূল সংঘাত অঞ্চলে অভূতপূর্ব মাত্রায় চালকহীন আকাশযান (ইউএভি) মোতায়েন করেছে। ইউক্রেনের জন্য এই ড্রোনগুলো কৌশলগতভাবে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে, যার মাধ্যমে তারা রাশিয়ার গভীরে আঘাত হানা, সরবরাহ লাইন ও জ্বালানি স্থাপনা ধ্বংস করা এবং এমনকি মস্কো পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা দেখিয়েছে।

অন্যদিকে, ইরান তার আকাশ ও নৌ ড্রোন বহরকে ব্যবহার করে হরমুজ প্রণালি অবরুদ্ধ করা এবং মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও তার মিত্রদের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর কৌশল গ্রহণ করেছে।

উৎপাদন ও ব্যবহারের দিক থেকে তুলনামূলক সহজ হওয়ায়, এই চালকহীন যানগুলো শত্রুপক্ষের ওপর অপ্রতিরোধ্য অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করতে সক্ষম। একদিকে এগুলো প্রতিপক্ষের মহার্ঘ্য ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ক্ষয় করে ফেলে, অন্যদিকে অত্যন্ত অত্যাধুনিক ও মূল্যবান অস্ত্র ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি তৈরি করে। উত্তর কোরিয়া যুদ্ধের এই পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য করেছে।

এদিকে ট্রাম্প প্রশাসনের সমর্থন হারানোর আশঙ্কায় থাকা সিউলের জন্য তাদের প্রতিদ্বন্দ্বীর এই উদীয়মান ড্রোন কর্মসূচি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ড্রোন হয়তো কোরীয় উপদ্বীপের সামগ্রিক সামরিক শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে দেবে না, তবে এটি পিয়ংইয়ংকে অস্পষ্ট ধোঁয়াশাপূর্ণ সামরিক চাপের জন্য তুলনামূলক সস্তা হাতিয়ার এনে দেবে। একই সাথে এর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তুলতে দক্ষিণ কোরিয়াকে তাদের বিশাল সম্পদ ব্যয় করতে বাধ্য করবে।

ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া (ডিপিআরকে) ঐতিহ্যগতভাবেই প্রায় ১৩ লাখ সক্রিয় সৈন্যের সমন্বয়ে বিশ্বের অন্যতম বৃহৎ পদাতিক বাহিনীর মালিক। সংখ্যার বিচারে এটি প্রভাবশালী হলেও, কিম জং উনের বাহিনী মূলত কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ আমলের পুরোনো অস্ত্রশস্ত্রের ওপর নির্ভর করায় সিউল ও ওয়াশিংটনের আধুনিক প্রযুক্তির সমকক্ষ হতে পারছিল না।

এই প্রযুক্তির ঘাটতি মেটাতে এতদিন পিয়ংইয়ং তাদের পারমাণবিক অস্ত্রাগারকে চূড়ান্ত প্রতিরোধক হিসেবে ব্যবহার করেছে। কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহারের ভয়াবহ ঝুঁকির কারণে এর কৌশলগত প্রয়োগ বেশ সীমিত।

এর বিপরীতে, ড্রোন কিম শাসকগোষ্ঠীকে এমন এক অসমন্বিত শক্তি প্রদান করে, যা পারমাণবিক সংঘাতের সীমা না পেরিয়েও কার্যকর করা সম্ভব। একটি পূর্ণাঙ্গ ড্রোন বাহিনী, তা আকারে সীমিত হলেও, পিয়ংইয়ংকে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র দাগা বা প্রথাগত সামরিক আক্রমণ না চালিয়েই দক্ষিণ কোরিয়াকে চাপে ফেলা ও অস্থিতিশীল করার সুযোগ দেয়।

পিয়ংইয়ং অবশ্য বহু বছর ধরেই ড্রোন তৈরি করছে।

২০২৩ সালে তারা নিজস্ব প্রযুক্তিতে তৈরি সায়েতবিয়োল-৪ এবং সায়েতবিয়োল-৯ উন্মোচন করে, যা যুক্তরাষ্ট্রের আরকিউ-৪ গ্লোবাল হকের আদলে নির্মিত এবং একই সাথে নজরদারি ও হামলার ক্ষমতা রাখে। এর এক বছর পর তারা অপেক্ষাকৃত ছোট ‘কুমসং’ সিরিজের আরও ছয়টি মডেল উপস্থাপন করে, যা ২০২৫ সালের সেপ্টেম্বর এবং পরবর্তীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে পরীক্ষা করা হয়েছে বলে জানা যায়।

এই ড্রোনগুলো মূলত ট্যাকটিক্যাল সুইসাইড ড্রোন হিসেবে কাজ করে; যা ইউক্রেনে ব্যাপকভাবে ব্যবহৃত ফার্স্ট-পার্সন-ভিউ (এফপিভি) ড্রোনের মতো এবং এগুলোতে প্রাথমিক পর্যায়ের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার জড়িয়ে পড়া তাদের এই প্রযুক্তিগত সক্ষমতাকে আরও দ্রুত এগিয়ে নিতে পারে।

এই যুদ্ধ পিয়ংইয়ংকে কেবল অর্থ বা রাজনৈতিক বৈধতাই দেয়নি বরং একটি সক্রিয় ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। সেখান থেকে তারা উন্নত প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা লাভ করছে। পিয়ংইয়ং এ পর্যন্ত রাশিয়াকে ৫৮ লাখেরও বেশি কামানের গোলা সরবরাহ করেছে এবং হাজার হাজার সৈন্য পাঠিয়েছে, যার মধ্যে ড্রোন চালকরাও রয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া, মস্কো উত্তর কোরিয়াকে শহেদ-টাইপ ড্রোনের প্রযুক্তি হস্তাত্তর করেছে বলে জানা যায়।

এটা পিয়ংইয়ংকে উন্নত ড্রোন তৈরি ও পরিচালনার প্রযুক্তিগত বাধা দূর করতে সহায়তা করবে।

অবশ্য প্রযুক্তি হস্তান্তর মানেই রাতারাতি সামরিক সক্ষমতা অর্জিত হওয়া নয়। ব্যাপক হারে ড্রোন উৎপাদন এবং সেগুলোকে বিদ্যমান কমান্ড-অ্যান্ড-কনট্রোল ব্যবস্থার সাথে সফলভাবে সমন্বিত করার সক্ষমতা পিয়ংইয়ংয়ের কতটা রয়েছে, তা এখনো দেখার বিষয়।

তবুও, ইউএভি-কে কৌশলগতভাবে ব্যবহারের জন্য পিয়ংইয়ংকে হুবহু রাশিয়া বা ইরানের মতো ড্রোন সক্ষমতা অর্জন করতে হবে এমন কোনো কথা নেই; সীমিত সক্ষমতাই তাদের এই সামরিক চাপ সৃষ্টির পথ সম্প্রসারিত করতে পারে।

সিউল, টোকিও এবং ওয়াশিংটনের নীতিনির্ধারক ও সামরিক কৌশলবিদদের এই বিষয়টি গুরুত্বের সাথে ভেবে দেখা প্রয়োজন। কারণ এর ঝুঁকি প্রথাগত যুদ্ধের গণ্ডি ছাড়িয়ে যায়।

একটি ড্রোন-সক্ষম ডিপিআরকে ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেড বরাবর অস্পষ্ট ও পরোক্ষ উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনার নতুন হাতিয়ার পেয়ে যাবে। এর মাধ্যমে তারা দক্ষিণ কোরিয়ার সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করতে পারবে, অনিশ্চয়তা তৈরি করতে পারবে এবং কূটনৈতিক চাপের ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা লাভ করবে। বড় ধরনের কোনো সামরিক হামলা না চালিয়েও তারা নজরদারি চালাতে, সামরিক অবস্থানগুলোতে বিঘ্ন ঘটাতে কিংবা সিউলের প্রতিক্রিয়া পরখ করে দেখতে ড্রোন ব্যবহার করতে পারে।

এর প্রতিরক্ষামূলক ব্যয় ও চাপও হতে পারে অনেক বেশি। কোনো সম্ভাব্য সশস্ত্র সংঘাতের সময় পিয়ংইয়ং বিপুল সংখ্যক সস্তা ড্রোন দক্ষিণ কোরিয়ার দিকে ছুড়ে দিতে পারে। দক্ষিণ কোরিয়া তার বেশিরভাগ ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও, সস্তা ড্রোনের আক্রমণ ঠেকাতে মহার্ঘ্য প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহারের খরচ সিউলের জন্য এক অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়াবে।

এই ঝুঁকির কথা মাথায় রেখে দক্ষিণ কোরিয়াও উত্তর কোরিয়ার এই ড্রোন প্রবৃদ্ধির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আন গিউ-বেক দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ড্রোনকে আনার পরিকল্পনা করেছেন। তিনি ২০২৯ সালের মধ্যে ৬০ হাজার নতুন ইউএভি তৈরি এবং ৫ লাখ ড্রোন অপারেটরকে প্রশিক্ষিত করার ঘোষণা দিয়েছেন।

এছাড়া, দক্ষিণ কোরিয়া তাদের কে২ ট্যাংকের মতো বিদ্যমান অস্ত্র ব্যবস্থায় অ্যান্টি-ড্রোন প্রযুক্তি সংযোজনে শত শত কোটি ডলার ব্যয় করছে এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় লেজার ও জামারের মতো ড্রোন-বিরোধী প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছেন।

উত্তর কোরিয়ার ড্রোন কর্মসূচি কোরীয় উপদ্বীপের সার্বিক সামরিক শক্তির ভারসাম্য রাতারাতি বদলে দেবে না। প্রযুক্তির দিক থেকে দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকবে এবং তাদের আধুনিক অ্যান্টি-ড্রোন ব্যবস্থা পিয়ংইয়ংয়ের নতুন হুমকিকে কিছুটা স্তমিত রাখতে পারবে। তবুও, ৩৮তম সমান্তরাল অক্ষ বরাবর নিরাপত্তা পরিস্থিতিতে ড্রোন এক বড় পরিবর্তন আনবে।

এটি পিয়ংইয়ংকে একটি প্রথাগত পূর্ণাঙ্গ যুদ্ধে না গিয়েই সিউলকে চাপে রাখা, অর্থনৈতিক ক্ষতি সাধন করা এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করার এক সহজ ও সাশ্রয়ী উপায় উপহার দিচ্ছে। ফলে, সিউল ও তার মিত্রদের জন্য মূল চ্যালেঞ্জটি কেবল উত্তর কোরিয়ার ড্রোন গুলি করে নামানো শিখলেই শেষ হবে না; বরং পিয়ংইয়ংয়ের বহুমুখী হুমকির এই নতুন ভবিষ্যতের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করাই হবে আসল পরীক্ষা।