২৫ সেপ্টেম্বর, ২০২৬
জয়পুরহাটের আক্কেলপুরে খালে গোসল করতে গিয়ে নিখোঁজের পর বেলি বিবি (৫৫) নামের এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি।
দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় খালের পাড়ে তার জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়। শুক্রবার ভোরে স্থানীয় এক যুবক খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখে গ্রামবাসীকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজনেরা জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গোসলের সময় অসুস্থ হয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।