২৫ সেপ্টেম্বর, ২০২৬
কক্সবাজারের উখিয়ায় বসতবাড়িতে হামলা করে এক যুবককে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ধামনখালী এলাকার ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে একদল লোক নুরুল ইসলামের বাড়িতে গিয়ে তার ছেলে জাগির হোছাইনকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
তখন অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। পরে থাইংখালী উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।
আটকরা হলেন ক্যাম্প-৩-এর ব্লক-ডি৫-এর মোহাম্মদ ইব্রাহীম (৩০), তার বাবা মোহাম্মদ সলিম এবং একই ক্যাম্পের ব্লক-ডি৩-এর নুরুল আলম (২৮), তার বাবা দিল মোহাম্মদ।
স্থানীয়দের দাবি, আটকের সময় তাদের কাছ থেকে একটি শর্টগান, পাঁচটি গোলাবারুদ, একটি ছুরি, একটি স্টিক, তিনটি আতশবাজি ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
তবে এসব উদ্ধারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে আটক দুই যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন।
এ ঘটনায় আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।