২৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের বাড়ির সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজার সংঘর্ষে মোহাম্মদ জাহিদুল ইসলাম বিশ্বাস (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডুমাইন গ্রামের বিশ্বাসপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাস ওই গ্রামের মৃত বদিউল আলম বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় জড়িত দুই ভাতিজা শাকিল বিশ্বাস (২৫) ও সাইমুন বিশ্বাস (১৯) ও তাদের বাবা আমোদ আলী বিশ্বাস, ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে চাচা-ভাতিজাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নিহত জাহিদুল বিশ্বাসের দাবি ছিল, তাঁর জায়গায় সিঁড়ি নির্মাণ করা হচ্ছে, এতে তাঁর চলাচলে অসুবিধা হবে। এ নিয়ে সকালে কথা-কাটাকাটির একপর্যায়ে জাহিদুল বিশ্বাস কোদাল দিয়ে ভাতিজা শাকিল বিশ্বাসের মাথায় আঘাত করে। পরে ভাতিজা শাকিল ও সাইমুন ক্ষুব্ধ হয়ে চাচা জাহিদুল বিশ্বাসের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।