☰
✕

গাইবান্ধায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়। বিজিবির দাবি, এসব মূর্তি পার্শ্ববর্তী দেশে পাচারের জন্য চক্রের সদস্যরা নিজেদের হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং একই উপজেলার পন্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।

বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী দল গত কিছুদিন যাবৎ পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কয়েকটি মূল্যবান কষ্টিপাথরের মূর্তি জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ সীমান্তবর্তী দইহারা গ্রামে পাচারকারীর বাড়িতে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের একটি যৌথ অভিযানে দইহারা গ্রামে দুটি কষ্টিপাথরের সন্ধান পেয়ে সেগুলো উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানিয়েছে, উদ্ধার হওয়া কষ্টিপাথর দুটির মান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যাচাই করা হয় এবং ডিজিটাল মেশিনে ওজন করা হয়। বড় কষ্টিপাথরের ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোট মূর্তিটির ওজন প্রায় ১৬ কেজি ৮৭০ গ্রাম।

বিজিবির সদর দপ্তর কর্তৃক নির্ধারিত মূল্য অনুযায়ী কষ্টিপাথর দুটির আনুমানিক দাম ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।