☰
✕

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী, মিলল প্রমাণ

২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদাবাজির অভিযোগে দক্ষিণ ভারতের এক অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেন্নাইয়ের টেলিভিশন অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধর করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। তদন্তে তার ব্যাংক হিসাবে ওই অর্থের লেনদেনের তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী বর্ষিণী ও তার কয়েকজন বন্ধু তরুণ নামের এক শেয়ার ব্যবসায়ীকে তাদের প্রস্তাবিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বিনিয়োগের জন্য বলেছিলেন। তবে ওই ব্যবসায়ী এতে রাজি হননি।

অভিযোগে বলা হয়েছে, গত ২২ আগস্ট ভোরে তরুণ নিজের বাসায় ফেরার পর দেখতে পান, সেখানে আগে থেকেই বর্ষিণী, তার বন্ধু সঞ্জয়সহ আরও দুজন উপস্থিত ছিলেন। পরে তাকে মারধর করে জোরপূর্বক ৫০ হাজার রুপি নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এরপর ফোন করে আরও অর্থ দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, ভয়ভীতির মুখে তরুণ বর্ষিণীর ব্যাংক হিসাবে ৩ লাখ রুপি এবং সঞ্জয়ের হিসাবে ২ লাখ রুপি পাঠান। সব মিলিয়ে ৫ লাখ ৫০ হাজার রুপি দেওয়ার পরও তাকে আরও ২৭ লাখ রুপি দিতে চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার পর তরুণ গুইন্ডি থানায় অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে মামলা করে তদন্ত শুরু করে পুলিশ। ব্যাংক লেনদেন যাচাইয়ের সময় বর্ষিণীর হিসাবে অর্থ স্থানান্তরের তথ্য পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

পরে ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা বর্ষিণীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মুঠোফোনও জব্দ করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হলে বিচারক বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।