২৭ সেপ্টেম্বর, ২০২৬
বগুড়ার ধুনটে নাশকতা, হত্যা, নারী, শিশু নির্যাতনসহ ১০টি মামলার আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ী বুড়িরভিটা এলাকা অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নবাব আলী মণ্ডল (৫১) নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে নানা অপরাধে জড়িয়ে পড়েন নবাব আলী। ২০০৫ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা, নাশকতা, নারী, শিশু নির্যাতনসহ ৯টি মামলা রয়েছে।
এদিকে গত ২৪ সেপ্টেম্বর সকালে নবাব আলী নিজ গ্রামে ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সরকারি রাস্তা থেকে প্রায় ১১টি দামি গাছ কেটে নেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার পর নতুন করে আলোচনায় আসেন তিনি। এ ছাড়া ২০২৩ সালের ৭ জুন পশ্চিম ভারশাহী গ্রামে বিএনপি নেতাকর্মীরা কর্মিসভা শুরু করেন। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও হামলা চালিয়ে বিএনপির কার্যালয় ভাঙচুর করেন। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
ওই মামলায় তদন্তে সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘নাশকতাসহ ১০টি মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’