☰
✕

নারায়ণগঞ্জে মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ

২৭ সেপ্টেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে টেকসই জীবিকায়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় Climate Resilient Campus Initiative-এর আওতায় মাশরুম চাষ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণের ২য় ব্যাচ শুরু হয়েছে। রবিবার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ২য় ব্যাচে মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। 

প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাশরুম চাষের আধুনিক ও ব্যবহারিক পদ্ধতি, চাষের উপযোগী পরিবেশ তৈরি, পরিচর্যা, রোগবালাই নিয়ন্ত্রণ, উৎপাদন ও সংরক্ষণ সহ বাজারজাতকরণ সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান, স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ও আয়মুখী কাজে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আরও অধিক সংখ্যক তরুণকে আত্মকর্মসংস্থানের আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে।
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ উদ্যোগ একদিকে যেমন বেকারত্ব হ্রাস ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় স্থানীয় জনগোষ্ঠীকে টেকসই ও সহনশীল জীবিকায়নের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।