☰
✕

বগুড়ায় এনজিও ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫ লাখ টাকা ছিনতাই

২৯ সেপ্টেম্বর, ২০২৬

 

বগুড়ার আদমদীঘিতে দিনদুপুরে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার শাখা ব্যবস্থাপকের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বানিয়াগাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত শাখা ব্যবস্থাপক সম্রাটকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওই এনজিওর আদমদীঘি এলাকা ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, সোমবার সকালে বেডোর দুপচাঁচিয়ার শাখা ব্যবস্থাপক সম্রাট ও কর্মী শিবলু মিয়া উপজেলার কুন্দগ্রাম এলাকার বিভিন্ন সদস্য ও ঋণগ্রহীতার কাছ থেকে নিয়মিত মাসিক কিস্তির টাকা আদায় করেন। কিস্তি আদায় শেষে একটি ব্যাগে প্রায় ৫ লাখ টাকা নিয়ে তারা বানিয়াগাড়ী দক্ষিণপাড়া দিয়ে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি তাদের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় সিদ্দিক শেখ ও ইদ্রিস শেখসহ অজ্ঞাত আরও ২-৩ জন ব্যক্তি তাদের পথরোধ করে শাখা ব্যবস্থাপক সম্রাটকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাকে রক্ষা করতে সহকর্মী শিবলু মিয়া এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এরপর তাদের কাছে থাকা কিস্তির প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ঘটনা শুনেছি। এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ের করতে চেয়েছে। মামলা করলে ঘটনাটি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।