২৯ সেপ্টেম্বর, ২০২৬
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ ব্যাংকের প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১. ওয়ান ব্যাংক পিএলসি: ব্যাংকটির ৪০০ কোটি টাকার ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড-৬’ অনুমোদন দেওয়া হয়েছে। কুপন রেট হবে ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ লাখ টাকা।
বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে। সংগৃহীত অর্থ দিয়ে ব্যাংকের ব্যাসেল-৩ (ব্যাসেল থ্রি)-এর অধীনে টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করা হবে।
উক্ত বন্ডের ট্রাস্টি গ্রিন ডেল্টা ক্যাপিটাল এবং ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট কাজ করবে। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
২. সাউথইস্ট ব্যাংক পিএলসি: ব্যাংকটির ৮০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি ‘ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাব-অর্ডিনেটেড বন্ড (৬ষ্ঠ ইস্যু)’ অনুমোদন দেওয়া হয়েছে। কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যুকৃত এই বন্ডের মাধ্যমে ব্যাংকের টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার ইউসিবি ইনভেস্টমেন্ট। এটিও স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
৩. ব্র্যাক ব্যাংক পিএলসি: ব্র্যাক ব্যাংকের ১,০০০ কোটি টাকার ৩ বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, জিরো-কুপন গ্রিন বন্ড’ অনুমোদন করা হয়েছে। সম্ভাব্য ডিসকাউন্ট রেট ৮.৫% এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সংগৃহীত অর্থ দিয়ে যোগ্য গ্রাহকদের জন্য স্বল্প খরচে পরিবেশবান্ধব অর্থায়ন (লো-কষ্ট গ্রিন ফাইন্যান্সিং) নিশ্চিত করা হবে। বন্ডটির ট্রাস্টি প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট এবং ইস্যু ম্যানেজার আইডিএলসি ইনভেস্টমেন্টস। এটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
৪. আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি: ৫০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’ অনুমোদন পেয়েছে। কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। এর মাধ্যমে ব্যাংকের টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করা হবে। ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট দায়িত্ব পালন করবে।
৫. ব্যাংক এশিয়া পিএলসি: ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার ৭ বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাব-অর্ডিনেটেড বন্ড’ অনুমোদন দেওয়া হয়েছে। কুপন রেট ‘রেফারেন্স রেট + ৩%’ এবং প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। সংগৃহীত অর্থ দিয়ে টিয়ার-২ ক্যাপিটাল বেস শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়ন করা হবে। এর ট্রাস্টি ডিবিএইচ ফাইন্যান্স এবং ইস্যু ম্যানেজার প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট। বন্ডটি স্টক এক্সচেঞ্জের মেইন বোর্ডে তালিকাভুক্ত হতে হবে।
এদিকে বিনিয়োগকারীদের স্বার্থ এবং সার্বিক বিবেচনায় হাইকোর্টের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হয়ে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি’র আবেদনের প্রেক্ষিতে কোম্পানিটির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
প্রস্তাবিত পরিচালনা পর্ষদের কাঠামো:
উদ্যোক্তা পরিচালক (৩ জন): এ এস এফ রহমান, ওসমান কায়সার চৌধুরী এবং ইকবাল আহমেদ।
ব্যবস্থাপনা পরিচালক: ১ জন (নতুন নিযুক্ত হবেন)।
স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান থেকে পরিচালক: ১ জন (আইএফআইসি ব্যাংক পিএলসি)।
স্বতন্ত্র পরিচালক: কর্পোরেট গভর্ন্যান্স কোড-২০১৮ অনুযায়ী ১ জন নারী স্বতন্ত্র পরিচালকসহ ৪ জন (যার মধ্যে ৩ জন নতুন নিয়োগ পাবেন)।
কোম্পানি কর্তৃক মামলা প্রত্যাহার সাপেক্ষে বিএসইসি ইতোপূর্বে জারিকৃত সংশ্লিষ্ট ৩১ ডিসেম্বর ২০২৪ এবং ১৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশ দুটি প্রত্যাহার করবে বলেও কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।