৩০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ফজল শেখ (৬৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফজল শেখ ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ গ্রামের নুর প্রামাণিকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
ফরিদপুরের জেল সুপার সাখাওয়াত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ১টা ৫মিনিটের দিকে নিম্ন রক্তচাপ নিয়ে তাকে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, চিকিৎসকের দেওয়া তথ্য মতে, তার মৃত্যুর কারণ হিসেবে অপরিবর্তনীয়ভাবে শ্বাস-প্রশ্বাস ও হৃদ্যন্ত্রের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এবং হৃদ্যন্ত্রজনিত শক’ উল্লেখ করা হয়েছে।
ফজল শেখের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দায়ের করা ১৪ নম্বর মামলায় জিআর-৬৭/২৫, দন্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা ছিল।
আইনী প্রক্রিয়া শেষে ফজল শেখের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।