☰
✕

মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে অজয়ের ‘দৃশ্যম ৩’

০১ অক্টোবর, ২০২৬

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। বড় অঙ্কের ওপেনিংয়ের ইঙ্গিত মিলছে বক্স অফিস থেকে। ট্রেড অ্যানালিস্টদের প্রাথমিক তথ্য অনুযায়ী, জনপ্রিয় হিন্দি ফ্র্যাঞ্চাইজির শেষ কিস্তি মুক্তির প্রথম দিনে ভারতে ৫০ কোটি টাকার নেট আয় করতে পারে।

অগ্রিম টিকিট বিক্রির গতি ধারা বজায় থাকলে ছবিটি ২০২৫-২৬ সালের হিন্দি ছবির বাজারে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং রেকর্ড গড়তে চলেছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী,‘দৃশ্যম ৩’ ওপরে সর্বোচ্চ আয়ের রেকর্ড রয়েছে ‘ধুরন্ধর ২’-এর।

বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ‘দৃশ্যম ৩’ ছবিটি ১৯ কোটি ৭৫ লাখ টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। মুক্তির দিন ১২ হাজারের বেশি শো চলবে বলা জানা গেছে। সেখানে ৫ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ হলে বসে সিনেমাটি উপভোগ করবেন। ট্রেড ওয়েবসাইট সাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে অগ্রিম বুকিং থেকে ব্লক সিটসহ ছবিটির তিন দিনের গ্রস কালেকশন ৩৬ কোটি ২৫ লাখ টাকা ছাড়িয়ে গেছে।

দর্শকদের উন্মাদনা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক বাজারেও ছবিটি বেশ সাড়া ফেলছে। মুক্তির প্রথম দিনে দেশের বাইরে ৩ কোটি টাকার বেশি প্রি-সেলস হয়েছে। সপ্তাহের ছুটির দিনে মোট অগ্রিম গ্রস কালেকশন ৫ কোটি টাকার ঘর পার করেছে। ফলে বিশ্বব্যাপী মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে ৫০ কোটির পথে রয়েছে ছবিটি।

প্রথম দিনের আয়ের দিক থেকে চলতি বছরের ব্যবসা সফল সিনেমা ‘মির্জাপুর: দ্য মুভি’ ও ‘বর্ডার ২’ কে পেছনে ফেলেছে ‘দৃশ্যম ৩’। ছবি দুইটির আয় যথাক্রমে ছিল ২৮ কোটি ১১ লাখ রুপি এবং ৩২ কোটি ১০ লাখ রুপি। অন্যদিকে অভিষেক পাঠক পরিচালিত ছবিটির প্রথম দিনেই ৫০ কোটি টাকা আয়ের পথে রয়েছে।