☰
✕

সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ বাড়ানোর দাবি এমপি মনিরুল হকের

০২ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য পরিবহন মালিকদের পক্ষ থেকেও ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী। তিনি বলেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন।

এর বিপরীতে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, তা অতি নগণ্য। মানুষের জীবনের মূল্য ৫ লাখ টাকা হতে পারে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে এক কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, দুর্ঘটনার পর শুধু ক্ষতিপূরণ বা আর্থিক সহায়তা দিলেই হবে না।

সড়ক দুর্ঘটনা কমাতে নিরাপদ সড়ক নিশ্চিত করা, চালকদের দক্ষতা ও প্রশিক্ষণ বাড়ানো, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন, ত্রুটিপূর্ণ যানবাহন নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যুতে একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে, আর আহতরা অনেক সময় দীর্ঘমেয়াদি চিকিৎসা ও আর্থিক সংকটে ভোগেন। এমন বাস্তবতায় আর্থিক সহায়তা প্রদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ।

কুমিল্লা বিআরটিএ অফিস সূত্র জানায়, কুমিল্লা জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ছয়জন আহত হয়। হতাহত পরিবারের সদস্যরা বিআরটিএর ট্রাস্টি বোর্ড বরাবর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ২৭টি পরিবারের মোঝে এক কোটি ২১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, আবদুল্লাহ আল মামুন, সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে, মোটরযান পরিদর্শক মো. তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।