☰
✕

হাবিপ্রবির জিয়াউর রহমান হলের আন্তহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

০২ অক্টোবর, ২০২৬

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের আন্তহল ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকেল ৫টায় শহীদ আবরার ফাহাদ হল খেলার মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো.আবু হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের উদ্যোগে আয়োজিত আন্তহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং দলগত চেতনা গড়ে তোলে। একটি প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই। তবে আমার প্রত্যাশা থাকবে সবাই প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রাখবে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হবে, যা তোমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে অনেক কাজে আসবে। অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি, অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের হল সুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. মারুফ আহমেদ, শহীদ নূর হোসেন হলের হল সুপার প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সহকারী হল সুপার প্রফেসর ড. মো. ফখরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মো. এহসানুল কবির অর্ণব ও সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, উক্ত আন্তহল ফুটবল খেলায় ৮টি দল অংশগ্রহণ করে।