০২ অক্টোবর, ২০২৬
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। মুম্বাইয়ের শিবাজি পার্কে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে রাজপথে নেমেছেন সংগীতশিল্পী বিশাল দাদলানি, বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা নাসিরুদ্দিন শাহসহ বলিউডের একঝাঁক তারকা।
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে মুম্বাই পুলিশ অনুমতি না দেওয়ায় আয়োজক অভিজিৎ দীপক ও আন্দোলনকারীরা ‘জেল ভরো’ কর্মসূচির ঘোষণা দেন। শুক্রবার দুপুরে প্রথমে প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ সেখানে উপস্থিত হন। এরপর পর্যায়ক্রমে সেখানে যোগ দেন অভিনেত্রী শাবানা আজমি, চিত্রপরিচালক বিশাল ভরদ্বাজ, রেখা ভরদ্বাজ ও সংগীতশিল্পী বিশাল দাদলানি।
সামাজিক মাধ্যমে আন্দোলনের প্রতি আগেই সমর্থন জানিয়েছিলেন বিশাল দাদলানি। শুক্রবার বিকেলে শিবাজি পার্কে পৌঁছে আয়োজক অভিজিৎ দীপকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ‘গো জ্ঞানু গো’ স্লোগান দেন তিনি।
প্রতিবাদী মঞ্চে দাঁড়িয়ে বিশাল বলেন, ‘এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ না জ্ঞানেশ কুমার পদত্যাগ করছেন।” অনুভূতি প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “জীবনে প্রথমবার প্রকৃত অর্থে গান্ধী জয়ন্তীর তাৎপর্য উপলব্ধি করতে পারলাম।’
বিক্ষোভে অংশ নিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে সোচ্চার হন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেন, ‘ভোটই একজন নাগরিকের কণ্ঠস্বর ও অধিকার। একটি ভোট দেশের ভবিষ্যৎ তৈরি করে দিতে পারে। কিন্তু চক্রান্ত করে যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় বা সেই ভোটেরই কোনো মূল্য না থাকে, তবে নাগরিক অধিকার আর কোথায় থাকে?’
ভোটার তালিকায় কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।