☰
✕

খুলনায় এক মাসে ডেঙ্গুর সংক্রমণ-মৃত্যু দ্বিগুণেরও বেশি

০৩ অক্টোবর, ২০২৬

খুলনা বিভাগে সেপ্টেম্বরের এক মাসেই ডেঙ্গুর চরম অবনতি ঘটেছে। পুরো সেপ্টেম্বর জুড়ে বিভাগে নতুন করে ৭ হাজার ৩১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২৮ জন।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সংক্রমণ ও মৃত্যু উভয়ই দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত ১ সেপ্টেম্বর ও ৩০ সেপ্টেম্বরের ডেঙ্গু পরিস্থিতির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ১ সেপ্টেম্বর বিভাগে চলতি বছরের সর্বমোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৯৪ জন, মাস শেষে ৩০ সেপ্টেম্বরে তা এসে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪১১ জনে। একইভাবে ১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে সর্বমোট মৃত্যুর সংখ্যা ছিল ২০ জন, যা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৪২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। সেপ্টেম্বর মাসের শুরুতে এই সংখ্যা ছিল ৭৩৫ জন।

ডেঙ্গুর সবচেয়ে বড় ধাক্কা এসেছে খুলনা জেলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর। খুলনা জেলায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৪ জনে এবং মারা গেছেন ১৬ জন, যা ১ সেপ্টেম্বরে মোট আক্রান্ত ছিল ২ হাজার ১৩৯ জন এবং মৃত্যু ছিল ২ জন। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ২ হাজার ৭১৯ জন এবং সেখানে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ১ সেপ্টেম্বরে যা ছিল যথাক্রমে ১ হাজার ৪৩৫ জন ও মৃত্যু ১৭ জন।

এছাড়া বাগেরহাটে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯৮ জনে এবং মৃত্যু হয়েছে ৩ জনের। যশোরে মোট আক্রান্ত ১ হাজার ৩৩৫ জন এবং মৃত্যু ২ জন।

সাতক্ষীরা জেলায় আক্রান্ত ৩৫৮ জন, মৃত্যু ১ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬৮ জন, নড়াইলে ৪৮২ জন, ঝিনাইদহে ৩৪৪ জন, কুষ্টিয়ায় ৩০১ জন, মাগুরায় ২৮৩ জন, মেহেরপুরে ২১৯ জন এবং চুয়াডাঙ্গায় ১১০ জন ও মৃত্যু ১ জনের।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সবশেষ ৩০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ১৮৬ জন সরকারি এবং ৬২ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ১৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫১ জনে। চলতি বছরে বিভাগজুড়ে ডেঙ্গু আক্রান্ত ১৩ হাজার ৮৫১ জনের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২৯০ জন এবং উন্নত চিকিৎসার জন্য ৩৩০ জন রোগীকে অন্যত্র রেফার করা হয়েছে।

খুলনা সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বর্ষা পরবর্তী সময়ে মশার বংশবৃদ্ধি এবং স্থানীয় সচেতনতার অভাবে সেপ্টেম্বরে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাসাবাড়িতে জমে থাকা পানি পরিষ্কার রাখা ও মশক নিধন অভিযান জোরদার করার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা সিটি কর্পোরেশন প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কাজ করছে। পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে তিনি নব্বই দিনের সময় নির্ধারণ করে দিয়েছেন। ইতোমধ্যে কুড়ি দিন পার হয়েছে। কিন্তু এর আগে থেকেই আমরা ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সর্বশক্তি নিয়োগ করে কাজ করছি। বাকি সময়ও ডেঙ্গু মোকাবেলায় কাজ করা হবে।

তিনি আরও বলেন, জ্বরে আক্রান্ত রোগীদের ৯টি ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, ডেঙ্গু পরীক্ষা ওষুধ সরবরাহ করার লক্ষ্য নিয়ে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ কর্তৃক এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

তিনি প্রতি শনিবার শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি অফিস প্রাঙ্গণ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।