☰
✕

মাটির সাথে দোস্তি কিংবা শখের কুমোর ঐশী

০৪ অক্টোবর, ২০২৬

‘রেখো মাটির পরে দুটি পা, রেখো মাটির সাথে দোস্তি; জেনো আকাশের কোনো ঠিক নেই, মাটি মরণেও দেয় স্বস্তি’—সুরে সুরে কথাগুলো বলেছেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। কিন্তু এ ভূমিকার অবতারণা সায়ান কিংবা তার গানের জন্য নয়; বরং অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর জন্য। যোগ-বিয়োগের মতো অংক না মিলিয়ে দরজায় টোকা দিয়ে গল্পের ঘরে ঢুকে পড়া যাক।

ঘরে পর্যাপ্ত আলো। নীল রঙা একটি মোড়া। তার উপর বসে ফর্সা বাদামি রঙের এক তরুণী। পরনে তার লাল টপ, কালো প্যান্ট আর ধূসর রঙের অ্যাপ্রোন। তার সামনে ঘূর্ণায়মান এক চাকতি, সেটার উপর কাদামাটি। মাটি ঘুরছে চাকতির সঙ্গে তাল মিলিয়ে। সেই তাল কিছুটা কাটিয়ে মাটিকে ভিন্ন আদল দেয়ার চেষ্টা করছেন তরুণী। একবাক্যে বললে, মৃৎশিল্পের হাতেখড়ি নিচ্ছেন তিনি।

ছবি দেখে তো বোঝার বাকি নেই, সেই তরুণীর নাম ঐশী। গল্পের মতো সুন্দর—মননে ও বদনে। করেন অভিনয়। কিন্তু হঠাৎ কুমোর হওয়ার শখ জাগল কেন?

গল্পের ভেতর থেকে বের হয়ে এবার সরব বাস্তবের ঐশী। নরম, তবু উচ্ছ্বাসে ভরা স্বরে বললেন, ‘গ্রামে জন্ম ও বেড়ে ওঠা আমার। ফলে কিছুদিন পরপরই শহুরে পরিবেশে একটু হাঁসফাঁস লাগে। একটু ঘাস, মাটির সংস্পর্শে আসতে ইচ্ছে করে। তাছাড়া দিন কয়েক আগে একটু অসুস্থও ছিলাম। সে জায়গা থেকেও মনে হচ্ছিল, মাটি-ঘাসের কাছে গেলে ভালো লাগবে। আর এই কাদামাটি দিয়ে জিনিসপত্র বানানো; মানে হুইল ঘুরিয়ে মাটিকে নানা আকৃতি দেয়ার যে শিল্প, সেটার প্রতি আমার আগ্রহ অনেক আগের। কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। সম্প্রতি বিষয়টা আমার বন্ধুকে জানাই; ও থিয়েটার করে, প্রপসের জন্য প্রায়ই মাটি নিয়ে কাজ করতে হয়। তবে এরকম হুইল ঘুরিয়ে সেও কখনো কিছু করেনি। ফলে, দুজনেরই আগ্রহ হলো।’

গ্রামে জন্ম ও বেড়ে ওঠা আমার। ফলে কিছুদিন পরপরই শহুরে পরিবেশে একটু হাঁসফাঁস লাগে। একটু ঘাস, মাটির সংস্পর্শে আসতে ইচ্ছে করে।
তারপর মাটি-চাকতির বন্দোবস্ত হলো কিভাবে? না, জগত-সংসার ঘুরে সেটা ঘরে নিয়ে আসতে হয়নি। রাজধানীতে কিছু ক্লে-স্টেশন গড়ে উঠেছে। সেগুলোর সন্ধান করেই একটাতে গিয়ে হাজির হলেন তারা। অতঃপর কাদামাটির সঙ্গে পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেওয়া।

কাজটা কেমন? সহজ? চাকা ঘুরল, তাতে মাটি দিয়ে শুধু হাত ধরলেই হয়ে যায়? একদমই তা নয়। শিল্প বলে কথা, চেষ্টা, সাধনা আর ইচ্ছে সবকিছুই দিতে হয় তাকে। ঐশীর ভাষ্য, ‘বড় হুইল দিয়ে চেষ্টার আগে ছোটটা দিয়ে ট্রাই করলাম। আর বুঝলাম, ইটস রিয়েলি ডিফিকাল্ট। যারা কুমোর, উনাদের শিল্প, দক্ষতা, পরিশ্রমের প্রতি সম্মান অনেক বেড়ে গেল।’

প্রথমবার শখের কুমোর সাজা। কিছু বানানো গেল কি? ‘এ কাজে প্রথম চ্যালেঞ্জ হলো, মাটির দলাটাকে চাকতির ঠিক মাঝখানে রাখা। তারপর সেটাকে ঘুরিয়ে কোনো কিছুর আকৃতি দেয়া, খুব কঠিন। একরকম আকৃতি যে দিতে পেরেছি, তা-ই বিরাট ব্যাপার। সেটাকে পুড়িয়ে বাসায় নিয়ে আসব, তার জন্য আরও অনুশীলন লাগবে’—ঐশীর জবাব।

বড় হুইল দিয়ে চেষ্টার আগে ছোটটা দিয়ে ট্রাই করলাম। আর বুঝলাম, ইটস রিয়েলি ডিফিকাল্ট। যারা কুমোর, উনাদের শিল্প, দক্ষতা, পরিশ্রমের প্রতি সম্মান অনেক বেড়ে গেল।
চাকতিটাকে একটু ঘড়ি ভাবা যাক। ঘড়িটাকে পেছনে ঘুরিয়ে ফেরা যাক শৈশবে। দুরন্ত শৈশবে কি ঐশীও কাদামাটি নিয়ে খেলতেন? ‘মিশন এক্সট্রিম’ অভিনেত্রী বলেন, ‘অবশ্যই। ছোটবেলায় উইপোকার মাটি দিয়ে বানাতাম। গ্রামের মানুষেরা চিনবে এ মাটি, নরম প্রকৃতির। সে মাটি দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। আমাদের পুকুর পাড়ে বেশ বড় উইপোকার ঢিবি ছিল, সেখান থেকে মাটি এনে খেলতাম, নানা জিনিস বানাতাম। কিন্তু এই হুইলে ঘুরিয়ে কিছু বানানো সত্যিই খুব কঠিন। যখন কিছু বানাতে পারছিলাম না, তখন আমি বন্ধুকে বলছিলাম, চল আমরা ছোটবেলার মতো মোবাইল বানিয়ে ফেলি! সো, হ্যাঁ ছোটবেলার কথা অনেক মনে পড়ছিল। কাদামাটি নিয়ে খেলার অনেক স্মৃতি। মনে আছে, কাদামাটি নিয়ে কিছু বানানোর পর সেটাকে রোদে শুকাতাম, তারপর মাটির চুলায় যখন মায়ের রান্নাবান্না শেষ হতো, জ্বলন্ত কয়লার ভেতরে রেখে আসতাম। তারপর শক্ত হয়ে যেত। পরে সেটা যত্নে রেখে দিতাম।’

ছোটবেলার কথা অনেক মনে পড়ছিল। কাদামাটি নিয়ে খেলার অনেক স্মৃতি। মনে আছে, কাদামাটি নিয়ে কিছু বানানোর পর সেটাকে রোদে শুকাতাম, তারপর মাটির চুলায় যখন মায়ের রান্নাবান্না শেষ হতো, জ্বলন্ত কয়লার ভেতরে রেখে আসতাম। তারপর শক্ত হয়ে যেত। পরে সেটা যত্নে রেখে দিতাম।
একে জেনারেশন জেড, তারওপর সিনেমার অভিনেত্রী, অথচ এই সময়েও ঐশীর স্বাচ্ছন্দ্যটা এসবেই। নিজেকে ব্যাখ্যা করলেন এভাবে, ‘আমার প্রজন্মের তুলনায় আমি একটু ওল্ডস্কুল, সাবেকি স্বভাবের। ফ্রি সময়ে আমার পার্টিতে যেতে ভালো লাগে না; তার মানে বলছি না, এটা খারাপ। যার যার আনন্দের ধরন আলাদা হবে, এটাই স্বাভাবিক। আমার নিজের সময়গুলো এরকম মাটি দিয়ে কিছু বানিয়ে বা প্রকৃতির কাছে কাটাতে ভালো লাগে।’

গল্পের ঘরে সময় কাটল বেশ। এবার ওঠা যাক। ‘আবার আসবেন’ ঢঙে চেনা ছকে জিজ্ঞেস তো করতেই হয়, কাজের (অভিনয়ের) খবর কী? ঐশী জানালেন, সাকিব ফাহাদের ‘সোলজার’-এর প্যাচআপ শুটিং বাকি আছে। সেটা শেষ হলে এ বছরেই সিনেমাটি মুক্তি পেতে পারে। তারপর পাইপলাইনে আরও কয়েকটা সিনেমা আছে, সেগুলোর খবর জানাবেন।