☰
✕

ক্ষেপণাস্ত্রে এআই ব্যবহার করেছে উত্তর কোরিয়া

০৪ অক্টোবর, ২০২৬

উত্তর কোরিয়া শনিবার সকালে যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে তাতে এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছিল, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের বন্দরনগরী ওয়নসান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এটি কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে সাগরের ওপর দিয়ে ৭০০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে।

ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপের কয়েক ঘণ্টা পরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানান, সকালে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি ছিল একটি ‘মাঝারি পাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র।’

তিনি বলেন, এই ক্ষেপণাস্ত্রটি “স্বল্প উচ্চতায় তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম এবং এতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করা হয়েছে।” তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তিনি আরো বলেন, এর ফলে ক্ষেপণাস্ত্রের আঘাত ‘এড়ানোর কোনো উপায় নেই।’ শীর্ষ নেতা কিম জং উন বিশ্বাস করেন যে ‘বিশ্বের কোনো দেশেরই অন্তত আগামী কয়েক বছরের মধ্যে এমন প্রযুক্তির নাগাল পাওয়ার সম্ভাবনা নেই।’

দেশের অস্ত্র ব্যবস্থায় ‘কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধির’ ওপর জোর দিয়ে গত মাসে কিম জং উন যে বক্তব্য দিয়েছিলেন, তার সূত্র ধরেই কিম ইয়ো জংয়ের এই সাম্প্রতিক বিবৃতিটি এল।

কিম ইয়ো জং দাবি করেন, উত্তর কোরিয়া যখনই ‘ঢেউয়ের মতো গতিপথ বা ট্র্যাজেক্টরি মোড’ প্রয়োগ করেছে, তখনই দক্ষিণ কোরিয়া ‘শুরুতেই লক্ষ্যবস্তুগুলোকে শনাক্ত বা ট্র্যাক করতে ব্যর্থ হয়েছে।’

বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য সৈন্য পাঠানোর বিনিময়ে রাশিয়ার সামরিক সহায়তা নিয়ে উত্তর কোরিয়া হয়তো দ্রুত তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়ন ঘটাচ্ছে।