০৪ অক্টোবর, ২০২৬
অবৈধ অনলাইন জুয়া ও জালিয়াতি কার্যক্রমের বিরুদ্ধে চলতি বছরের সবচেয়ে বড় অভিযানে ফিলিপাইনে ২৪৪ জন বিদেশি কর্মীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।আটক ব্যক্তিদের বেশিরভাগই চীনা নাগরিক বলে জানিয়েছে ফিলিপাইনের অভিবাসন ব্যুরো।
ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, অভিবাসন ব্যুরো শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে জানায়, প্রথম স্থানে অভিযান চালিয়ে ১১০ জন চীনা নাগরিক, দুইজন কম্বোডীয় এবং হংকংয়ের এক নাগরিককে আটক করা হয়।
দ্বিতীয় স্থানে আরও ১৩১ জনকে আটক করা হয়েছে। তাদের বেশিরভাগই চীনা নাগরিক। এ ছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিকও রয়েছেন।
অভিযানে বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম, মোবাইল ফোন, ল্যাপটপ ও সিম কার্ড জব্দ করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন ব্যুরো।
আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মানবপাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে তদন্ত চলছে। বাকিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর প্রধান জোয়েল ভিয়াদো বিবৃতিতে বলেন, ‘আমরা ফিলিপাইনে অবস্থানের শর্ত লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিবাসন আইন প্রয়োগ অব্যাহত রাখব। একই সঙ্গে নিশ্চিত করব, ফিলিপাইন যেন অবৈধ কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি হিসেবে ব্যবহৃত না হয়।
মানবপাচার, অর্থপাচার, অনলাইন প্রতারণা, অপহরণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িত চক্রগুলো অবৈধ অনলাইন গেমিং প্রতিষ্ঠানকে আড়াল হিসেবে ব্যবহার করছে—এমন অভিযোগে ফিলিপাইন সরকার ২০২৪ সালে দেশটিতে পরিচালিত অনলাইন গেমিং অপারেটর বা পিওজিও নিষিদ্ধ করে।
অভিবাসন ব্যুরো অভিযানটিকে ২০২৬ সালে পিওজিওবিরোধী সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছে। শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনদানাও অঞ্চলের দুটি স্থাপনায় সামরিক বাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অভিযান চালায়।
অভিযানের বিষয়ে জানতে ম্যানিলায় চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।