☰
✕

তাইওয়ানের গে বারে পুলিশি অভিযান, বিক্ষুব্ধ সমকামীরা

০৪ অক্টোবর, ২০২৬

শনিবার তাইওয়ানের রাজধানী তাইপের একটি গে বারে পুলিশি অভিযানের প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেছেন প্রায় ১০০ জন এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের মানুষ।অভিযানে বারের গ্রাহকদের আটক করা হয়।

তাইওয়ান সাধারণত উদারপন্থী ও যৌন সংখ্যালঘুদের অধিকারের পক্ষে বলে পরিচিত। তাই এ ধরনের পুলিশি পদক্ষেপ বেশ অস্বাভাবিক।

রয়টার্স জানায়, ২০১৯ সালে তাইওয়ানে সমকামী বিয়ে বৈধ করা হয়। এশিয়ায় তাইওয়ানই প্রথম এই পদক্ষেপ নেয়।

যে অঞ্চলে সমকামী অধিকার প্রায়ই দমন করা হয়, সেখানে তাইওয়ানকে সাধারণত সহনশীলতার প্রতীক হিসেবে দেখা হয়।

চলতি মাসের শেষের দিকে তাইপেইতে বার্ষিক প্রাইড র‍্যালি অনুষ্ঠিত হবে। এটি পূর্ব এশিয়ার সবচেয়ে বড় প্রাইড অনুষ্ঠান।

শনিবার দুপুরে তাইপেইয়ের ওয়ানহুয়া এলাকার 'কমান্ডার ডি' নামের একটি গে বারে অভিযান চালায় পুলিশ।

সেখান থেকে ৫১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। একই সাথে বারের মালিককেও গ্রেপ্তার করা হয়। মন্তব্য পাওয়ার জন্য ওই মালিকের সাথে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করতে পারেনি।

পুলিশের মুখপাত্র চেন ইউ-চেন রয়টার্সকে জানান, ‘জনসমক্ষে নৈতিকতা ভঙ্গের’ সন্দেহে আদালতের তল্লাশি পরোয়ানা নিয়ে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে। তিনি জানান, আটক ৫১ জনের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ রয়েছে।

তারা প্রকাশ্যে বা সবার প্রবেশের সুযোগ আছে এমন জায়গায় নিজের নগ্ন শরীর প্রদর্শন করছিলেন।

রবিবার দুপুরে আন্দোলনকারীরা শান্তিশৃঙ্খলা বজায় রেখে মিছিল নিয়ে সংশ্লিষ্ট পুলিশ স্টেশনের দিকে যান। তবে সেখানে তারা স্লোগান দেন। আটক ব্যক্তিদের মধ্যে 'ওয়েন' নামের একজন রয়টার্সকে বলেন, ‘পুলিশ খুব হিংস্রভাবে বারে অভিযান চালায়। বিষয়টি খুবই ভীতিকর ছিল।’

তাইপেই নগর কর্তৃপক্ষ রয়টার্সকে পুলিশের একটি আলাদা বিজ্ঞপ্তির কথা উল্লেখ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই বারে অশালীন কাজ হচ্ছে বলে একটি অভিযোগ পেয়েছিল পুলিশ। তাইপেইয়ের মেয়র চিয়াং ওয়ান-আন বিরোধী দল কুওমিনতাংয়ের নেতা। আগামী মাসে তার নির্বাচন রয়েছে। তিনি এর আগে তাইপেই প্রাইড অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের প্রতি সমর্থন জানিয়েছেন।

পুলিশ ফাঁড়ির প্রধান সংক্ষিপ্তভাবে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তিনি নিজের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, ‘আমরা একটি বহুমাত্রিক সমাজের সংস্কৃতিকে শ্রদ্ধা করি। আমরা প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করব।’ তবে তার কথা শুনে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করে চিৎকার করেন।

কাং ইয়াং নামের এক বিক্ষোভকারী অভিযানের ঘটনায় রাগ প্রকাশ করেন। বিশেষ করে প্রাইড মাস চলাকালীন এই ঘটনায় তিনি বেশি ক্ষুব্ধ। তিনি বলেন, ‘আমি এটি মেনে নিতে পারছি না। এই শহরটি এতদিন নিজেদের সমকামীবান্ধব বলে দাবি করে আসছিল।’

১৯৮৭ সাল পর্যন্ত তাইওয়ানে সামরিক শাসন জারি ছিল। সে সময় সমকামী সম্পর্ককে সামাজিকভাবে একটি নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হতো।