☰
✕

নিখোঁজের দুদিন পর মিলল অটোরিকশাচালকের মরদেহ

০৫ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর মো. শাহাদত হোসেন (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের বাসিন্দা। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, গত শুক্রবার  সন্ধ্যার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শনিবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

রবিবার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ এলাকার একটি ফাঁকা মাঠের ক্ষেতে শাহাদতের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ধারণা করা হচ্ছে, শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে।