☰
✕

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে বিরোধ, পিটিয়ে হত্যা

০৫ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদেশে লোক পাঠানোসংক্রান্ত বিরোধের জেরে বাবুল আলী (৪২) নামের একজনকে শাবল ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, রবিবার (৪ অক্টোবর) বিকেলে একই এলাকার কয়েকজন তাকে ধরে কাছের একটি আমবাগানে নিয়ে গিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়।

পরে সন্ধ্যায় উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাবুল আলী শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের সাহারিবাটা (বাটাগ্রাম) এলাকার গোল মোহম্মদের ছেলে। ৬ মাস আগে তিনি দুবাই থেকে দেশে ফেরেন।

বাবুলের স্ত্রীর বরাতে পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে বাবুলকে মারধরের সংবাদ পাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকের বরাতে পুলিশ আরো জানায়, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ১১টার মধ্যে বাবুলের মৃত্যু হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বাবুল বিদেশ থেকে ফেরার পর বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তিনি নিজ এলাকার একজনকে রাশিয়ায় পাঠানোর পর ওই ব্যক্তি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হন। এতে নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।

এ নিয়ে এলাকায় কয়েকবার সালিশ বৈঠকও হয়। তবে সমস্যার সুরাহা হয়নি। এ বিরোধের জেরেই রবিবার বাবুলকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। 

ওসি আরো বলেন, তবে বাবুলের স্ত্রী দাবি করেছেন, বাবুল নিজে সরাসরি রাশিয়ায় লোক পাঠাননি।

বরং লোক পাঠানো এজেন্সির সঙ্গে যুদ্ধে নিহত ব্যক্তির যোগাযোগ ঘটিয়ে দিয়েছিলেন।

ওসি মতিউর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।