০৫ অক্টোবর, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক বিকাশ এজেন্টের কাছ থেকে সাড়ে ৫ লাখ টাকা, একটি স্মার্টফোন ও একটি বাটনফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় তার সঙ্গে থাকা দোকানের চাবিসহ একটি ব্যাগও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
মাইক্রোবাসে পথরোধ করে ধারাল অস্ত্রের মুখে তাকে জিম্মি করে এসব ছিনতাই করা হয়।
এ ঘটনায় শামীম শেখ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জেপি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার শামীম উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর গাওছাপাড়া এলাকার ভোলা শেখের ছেলে।
স্থানীয়রা জানান, ভুক্তভোগী আইয়ুব আলী গোবিন্দগঞ্জ চারমাথা মোড়ের ডাচ-বাংলা ফাস্ট ট্র্যাকের পাশে বিকাশ এজেন্ট হিসেবে ব্যবসা করেন। রাতে দোকান বন্ধ করে হেঁটে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। গাড়ি থেকে ৪ দুর্বৃত্ত নেমে তাকে মারধর করে এবং একপর্যায়ে ধারাল অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা টাকা ও মালামাল কেড়ে নেয়।
আইয়ুব আলীর চিৎকারে আশপাশের লোকজন ও ফিলিং স্টেশনের কর্মীরা এগিয়ে এলে ছিনতাইকারীরা মাইক্রোবাসে পালিয়ে যায়।
তবে এসময় শামীম শেখ পালাতে না পারায় তাকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে আটক করে থানায় নেয়।
রবিবার (৪ অক্টোবর) আইয়ুব আলী বাদী হয়ে শামীমসহ ৪ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। সন্ধ্যার আগে শামীমকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তার ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেছে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা স্বীকার করে রবিবার রাতে কালের কণ্ঠকে বলেন, আসামিদের বাড়ি এই উপজেলাতেই। অন্য ৩ ছিনতাইকারী ঘটনার পরপরই এলাকা থেকে পালিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তারা আইয়ুব আলীর গতিবিধির ওপর সময় নিয়ে নজরদারি করার পর এ ঘটনা ঘটিয়েছে।
তিনি বলেন, লুট হওয়া টাকা ও মোবাইল উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শামীমের রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।