০৫ অক্টোবর, ২০২৬
বাংলাদেশি নাগরিক ভেবে অমানবিক নির্যাতনের পর গুলি করে ভারতীয় বিএসএফ। গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের বাড়ি ভারতের আসাম রাজ্যে বলে জানান তারা।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
তিনি জানান, ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন। তাদের সবধরনের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে।
গুলিবিদ্ধ দুই ভুক্তভোগী জানান, তাদের নাম আব্দুল আলিম ও ইসমাইল। গরু চড়ানোর সময় বাংলাদেশের সীমান্তের কাছে চলে আসায় ছররা গুলি করে বিএসএফ। বারবার ভারতীয় পরিচয় দেওয়ার পরেও তাদের ওপর অমানবিক নির্যাতন করে তারা। গুলিবিদ্ধ অবস্থায় কুড়িগ্রাম সীমান্তে ফেলে চলে যায় ভারতীয় বিএসএফ।
ঘটনাটি ঘটে রোববার দুপুর ১টার দিকে। পরে কুড়িগ্রামের সীমান্তবর্তী কয়েকজন জেলে তাদের উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি ক্লিনিকে নেন। পরবর্তীতে রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা মুসলিম এবং তাদের বাড়ি আসাম রাজ্যে। ভারতীয় নাগরিকত্বের সকল প্রমাণ তাদের রয়েছে বলেও জানান তারা। তবে এখনো তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।