০৫ অক্টোবর, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৬ দশমিক ৫ একর জমিতে শিল্প ইউনিট স্থাপনে ১৯ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে র্যানকন লুব্রিকেন্টস লিমিটেড। এ বিনিয়োগের মাধ্যমে ২৫০টির বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার (৫ অক্টোবর) ঢাকায় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে এ সংক্রান্ত ভূমি ইজারা চুক্তি করেছে র্যানকন লুব্রিকেন্টস। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রোচি এবং র্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইমরান জামান খান চুক্তিতে স্বাক্ষর করেন।
নাহিয়ান রহমান রোচি বলেন, ‘তিনটি বিনিয়োগ প্রসার সংস্থার একীভূতকরণের পর এটি ইনভেস্ট বাংলাদেশের প্রথম ভূমি ইজারা চুক্তি। র্যানকন লুব্রিকেন্টসের মতো শীর্ষ বিনিয়োগকারীদের প্রতিশ্রুতি নতুন এই প্রতিষ্ঠানের প্রতি আস্থার প্রতিফলন। এটি অন্যান্য বিনিয়োগকারীর আস্থা গড়ে তুলতেও সহায়ক হবে।’
চুক্তি অনুযায়ী, দখল হস্তান্তরের তারিখ থেকে জমিটির ইজারার মেয়াদ হবে ৫০ বছর। ইনভেস্ট বাংলাদেশ নির্ধারিত শর্ত সাপেক্ষে এ মেয়াদ নবায়ন করা যাবে। চুক্তি স্বাক্ষরের ৯০ দিনের মধ্যে র্যানকন লুব্রিকেন্টসকে জমি হস্তান্তর করা হবে।
জমি হস্তান্তরের পর ১২০ দিনের মধ্যে শিল্প ইউনিটের নির্মাণকাজ শুরু করবে র্যানকন লুব্রিকেন্টস। আর হস্তান্তরের ৩৬ মাসের মধ্যে ইউনিটটি উৎপাদনে যাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
চুক্তির আওতায় ইনভেস্ট বাংলাদেশ ইউটিলিটি সংযোগ এবং সরকার ঘোষিত প্রযোজ্য শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও কর প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেবে।
অন্যদিকে, র্যানকন লুব্রিকেন্টস প্রয়োজনীয় সরকারি অনুমোদন গ্রহণের পাশাপাশি পরিবেশ, শ্রম ও নিরাপত্তা-সংক্রান্ত সব বিধিবিধান মেনে চলবে। প্রতিষ্ঠানটি বর্জ্য ও পয়ঃনিষ্কাশন শোধনাগার স্থাপন করবে এবং অর্থনৈতিক অঞ্চলের কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট ও বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার সঙ্গে সংযোগ স্থাপন করবে।
চুক্তিতে প্রকল্পের কার্যসম্পাদন ও বিধিপালন পর্যবেক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। কোনো পক্ষ চুক্তির শর্ত লঙ্ঘন করলে বাতিলের আগে তা সংশোধনের জন্য নির্দিষ্ট সময় দেওয়ার বিধান রয়েছে। পাশাপাশি আরবিট্রেশন আইন, ২০০১-এর অধীনে বিরোধ নিষ্পত্তির জন্য সালিসের ব্যবস্থাও রাখা হয়েছে।