০৬ অক্টোবর, ২০২৬
মাগুরায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ৩টা ৫০ মিনিটের দিকে মাগুরা সদর থানার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কাশিনাথপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহীন আলম (৪৬), একই গ্রামের মৃত মোজাহার শিকদারের মেয়ে সাথী খাতুন (৩৬) এবং নন্দনাল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে খালিদ হাসান (৩১)।শাহীন ও সাথী স্বামী-স্ত্রী।
পুলিশ জানায়, কাশিনাথপুর এলাকায় মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শাহীন আলমের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে এক নারীসহ তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের দেহ ও বসতঘর তল্লাশি করে ৮ হাজার ইয়াবা, মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি ১৩৫ সিসি মোটরসাইকেল ও তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন ও সাথী সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা এবং সাথী খাতুনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।